বিশেষ প্রতিনিধি, nipon।।
জম্মু-কাশ্মিরের চেনাব নদীতে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, সিন্ধু পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে সিন্ধু ও সংশ্লিষ্ট নদীগুলোর ওপর ভারতের কোনো একতরফা দখলদারিত্ব তারা বরদাস্ত করবে না।
জম্মু-কাশ্মিরের ওপর দিয়ে প্রবাহিত চেনাব নদীকে ভারত ‘চন্দ্রভাগা’ নামে অভিহিত করে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় কিস্তওয়ার জেলায় চন্দ্রভাগা নদীর ওপর ২৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুলহস্তি স্টেজ-২ জলবিদ্যুৎ প্রকল্পে সবুজ সংকেত দেয়। প্রায় ৩২০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার মধ্যেই আপত্তি তোলে পাকিস্তান।
গত ডিসেম্বরের শেষ দিকে পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটির ৪৫তম বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। তবে পাকিস্তানের দাবি, এই প্রকল্প সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানানো হয়নি।
ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি বলেন, এই খবর উদ্বেগজনক। ভারত যদি সিন্ধু পানিবণ্টন চুক্তিতে উল্লেখিত ‘সীমিত অনুমতি’র অপব্যবহার করে কিংবা পরিকল্পিতভাবে চুক্তির শর্ত লঙ্ঘন করে, তবে তা পাকিস্তানের জাতীয় স্বার্থে গুরুতর আঘাত হবে। এ ধরনের পদক্ষেপ ইসলামাবাদ কখনোই মেনে নেবে না।
উল্লেখ্য, টানা নয় বছর আলোচনার পর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, পূর্বাঞ্চলের তিন নদী—বিয়াস, রাভি ও সতলেজের পূর্ণ নিয়ন্ত্রণ পায় ভারত। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের সিন্ধু, চেনাব ও ঝিলম নদীর জল ব্যবহারের অধিকার পায় পাকিস্তান।
তবে ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে। এর পর থেকেই দুই দেশের মধ্যে নদীর জলবণ্টন ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।