বিশেষ প্রতিনিধি, nipon।।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়।
কর্তৃপক্ষ জানায়, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান কিংবা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় দুটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। পাশাপাশি দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
বাংলাদেশ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিস সূত্রে জানানো হয়, কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় রাত তিনটার দিকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।