বিশেষ প্রতিনিধি, nipon।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়া বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আগে উপস্থিত জনতার উদ্দেশে খালেদা জিয়ার জীবন ও কর্ম তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, জনগণের কল্যাণে খালেদা জিয়া একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার নেতৃত্ব ও পরিকল্পনায় উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে গিয়ে বাংলাদেশ এক সময় বিশ্বে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি লাভ করে।
তিনি বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক জীবন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ, রাজনৈতিক জীবনে তার উত্থান এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার নানা দিক তুলে ধরেন।
এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ের জানাজাস্থলে আনা হয়। এরও আগে দুপুর ২টা ৫ মিনিটে জানাজাস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জানাজায় উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।