বিশেষ প্রতিনিধি, nipon।।
প্রখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকারকর্মী মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ‘আই হ্যাভ আ ড্রিম’ বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘উই হ্যাভ আ প্ল্যান’ আমার একটি পরিকল্পনা আছে দেশ নিয়ে। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’-তে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান এদিন বেলা ১১টা ৪৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। পরে লাখো নেতাকর্মী ও সমর্থকের অভিবাদন গ্রহণ করতে করতে বিকেল পৌনে ৪টার দিকে তিনি মঞ্চে ওঠেন। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মঞ্চে আসন নেওয়ার পর দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।
বক্তব্যে তারেক রহমান বলেন, প্রিয় ভাই-বোনেরা, আমরা দেশে শান্তি চাই।” মার্টিন লুথার কিংয়ের উক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমি বলতে চাই আই হ্যাভ আ প্ল্যান। আপনারা যদি পাশে থাকেন, সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবো।
দেশবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতা অনুসরণ করে দেশ পরিচালনার চেষ্টা করতে হবে।
মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে শহীদরা একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন। যেকোনো মূল্যে আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। আমরা দেশের শান্তি চাই, বারবার এ আহবান জানান তিনি।
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সবাই নবী করিমের (সা.) যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতায় দেশ পরিচালনার চেষ্টা করবো।