বিশেষ প্রতিনিধি, nipon।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে তার পরিবারের পোষা বিড়াল ‘জেবু’। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নং বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, একই ফ্লাইটে একটি বিশেষ খাঁচায় করে ঢাকায় আনা হয় সাইবেরিয়ান জাতের লোমশ বিড়াল জেবুকে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিমান থেকে নামিয়ে জেবুকে তারেক রহমানের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে যখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে, ঠিক সেই সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই পোষা বিড়ালটি। দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জেবুর নিজস্ব ফেসবুক পেজ, যা অল্প সময়ের মধ্যেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
জানা গেছে, জেবু মূলত তারেক রহমানের কন্যা জাইমা রহমানের পোষা বিড়াল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওর মাধ্যমে ইতোমধ্যেই বিড়ালটি পরিচিত হয়ে উঠেছে।
জেবুর নামে খোলা ফেসবুক পেজে হালকা রসিকতা ও ব্যঙ্গধর্মী কনটেন্ট প্রকাশ করা হচ্ছে, যা তরুণ ও বিড়ালপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী এবং দলের কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ গণমাধ্যমকে পেজটিকে অফিশিয়াল বলে নিশ্চিত করেছেন।