বিশেষ প্রতিনিধি, nipon।।
পৌষের হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে হিমালয়ের কোল ঘেঁষা জেলা নীলফামারী। ঘন কুয়াশার দাপটে মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর ) দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। তীব্র শৈত্যপ্রবাহ আর হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়লেও ভিন্ন চিত্র দেখা গেছে শহরের অস্থায়ী শীতবস্ত্রের বাজারগুলোতে। কনকনে শীত থেকে রক্ষা পেতে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য গরম কাপড় কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ।
শহরের প্রাণকেন্দ্র পৌর মার্কেট এ অবস্থিত পুরাতন গরম কাপড়ের দোকান গুলো থেকে শুরু করে পাড়া-মহল্লার ফুটপাত—সর্বত্রই এখন রঙিন সোয়েটার, জ্যাকেট আর উলের টুপির পসরা সাজিয়েছেন দোকানিরা।
কোলের শিশুকে নিয়ে মায়েরা ভিড় করছেন সাধ্যের মধ্যে পছন্দের পোশাকটি খুঁজে পেতে। নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও বাজেটের মধ্যে মানসম্মত কাপড়ের আশায় ভিড় জমাচ্ছেন এই দোকানগুলোতে।
বিক্রেতারা মো:মাছুম জানান, গত কয়েকদিনের তুলনায় আজ বিক্রি কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে শিশুদের ‘কান টুপি’ এবং উলের মোটা সোয়েটারের চাহিদা সবচেয়ে বেশি।
ক্রেতা নাসরিন আক্তার বলেন, "দুপুর পর্যন্ত সূর্যের তাপ নেই, ঘরে থাকাই দায় হয়ে পড়েছে। তাই বাধ্য হয়েই শিশুদের জন্য বাড়তি গরম কাপড় কিনতে বাজারে এসেছি।"
মো: মজনু মিয়া বলেন বৃদ্ধ বাবা মার জন্য গরম কাপড় কিনতে এসেছি, গত বছরের তুলনায় এ বছর দাম এক টু বেশি।
আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী দিনগুলোতে গরম কাপড়ের চাহিদা আরও বাড়তে পারে বলে ধারণা করছে দোকানিরা।