বিশেষ প্রতিনিধি, nipon।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শনিবার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটেছে।
প্রাথমিক তথ্যমতে, সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর কাছে ডাঙ্গাপাড়া এলাকায় ভারতীয় গরু ধাওয়া করার সময় ভারতের ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ (নং-২১৩৬০০১৭৮) শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রায় ২০০ গজ প্রবেশ করেন।
বিজিবির আঙ্গরপোতা বিওপির টহলদল তাকে দ্রুত আটক করে এবং ক্যাম্পে নিয়ে যায়। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।