বিশেষ প্রতিনিধি, nipon।।
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে অজ্ঞাত দুর্বৃত্তদের দ্বারা আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশ ও কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, শনিবার ( ২০ ডিসেম্বর ) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে কেউ বা কারা এই আগুন লাগিয়েছে।
ছুটির দিন হওয়ায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাটি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া নজরে এলে অফিসের নাইট গার্ড ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, “জেলা সার্ভার স্টেশন অফিসের স্টোর রুমে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আমরা বর্তমানে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করছি। পেছনের জানালা দিয়ে আগুন দেয়া হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় আমরা কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি।”
সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ জানান, “আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুমের পেছনের জানালার পাশে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মনে হচ্ছে কেরোসিন ব্যবহার করে আগুন লাগানো হয়েছে। ঘটনার পর থেকে অফিসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।”
কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছে। তবে স্টাফরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। আমরা তদন্ত চালাচ্ছি, এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা যাচাই করা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, অগ্নিকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে এটি কোনো পরিকল্পিত নাশকতা নাকি দুর্ঘটনা তা যাচাই করা হচ্ছে।