বিশেষ প্রতিনিধি, nipon।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি বিশেষ সুযোগ দীর্ঘ ১৭ বছর পর এসেছে। নতুন বাংলাদেশ গড়া কঠিন হলেও অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলা বিভাজনের রাজনীতির পরিবর্তে জনকল্যাণমুখী রাষ্ট্র এবং নতুন সামাজিক, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক ব্যবস্থার বাস্তবায়ন এখন জরুরি।
তিনি আরও বলেন, এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ এবং মুগ্ধদের আত্মত্যাগ আমাকে প্রেরণা জোগায়। এই প্রেরণাকে সঙ্গে নিয়েই পুনর্গঠন ও গঠনমূলক রাজনীতির লড়াই চালিয়ে যেতে চাই।
এসময় আসিফ ঘোষণা দেন যে তিনি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
তিনি বলেন, বড় কোনো দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য কর্মী কিংবা প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র শক্তি। আর আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গতকাল বৃহস্পতিবার। এর ঠিক একদিন আগে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। তাদের দলীয় ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।