বিশেষ প্রতিনিধি, nipon।।
জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন (৩৫) কে শ্বাসরোধে হত্যা করেছে চোর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত লিপি খাতুন কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। মহর উদ্দিন বর্তমানে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে র্যাব-২ এ কর্মরত রয়েছেন। লিপি খাতুন শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বুধবার রাতে লিপি মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন। ভোরের দিকে একটি চোর গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরে থাকা অবস্থায় গৃহবধূকে চিনে ফেলার পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। চোর লাশ রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্ছু মিয়া জানান, নিহত লিপি খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।
এর আগে, গত ৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরে এক চুরির ঘটনায় লায়লা আফরোজ (৪৮) ও তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) হত্যা করা হয়েছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্মী আয়েশাকে (২০)।