বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ভাষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বুধবার ১০ ডিসেম্বর বা বৃহস্পতিবার ১১ ডিসেম্বর এই দুই দিনের যেকোনো দিনে তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
ইতোমধ্যে তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ ধারণ ও সম্প্রচারের প্রস্তুতির জন্য বাংলাদেশ টেলিভিশন বিটিভি এবং বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভাষণ রেকর্ডিংয়ের জন্য ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডাকা হয়েছে। কোন সময় রেকর্ড হবে, তা কমিশন জানিয়ে দেবে।
সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি। তবে ৮ বা ১০ ফেব্রুয়ারিও ভোটগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিকে নির্বাচন কমিশন জানায়, তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে কমিশনের প্রস্তুতির বিষয়েও অবহিত করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা। সাধারণত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণা করা হয়ে থাকে। তাই ওই সাক্ষাতের পরই সিইসির ভাষণ ও নির্বাচনের তফসিল প্রচার করা হতে পারে।