বিশেষ প্রতিনিধি, nipon।।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও উত্তেজনা চরমে। সপ্তাহের শুরুর শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর দুই দেশের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকায় এই সংঘর্ষের কথা নিশ্চিত করেছে উভয় পক্ষই।
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন পাকিস্তানের সেনাবাহিনী কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র মোশাররফ জাইদি পাল্টা অভিযোগ তুলে বলেন, চামান সীমান্তে ‘বিনা উসকানিতে’ আফগান বাহিনী পাকিস্তানি অবস্থানে হামলা চালিয়েছে।
জাইদি আরও জানান, আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত এই পাল্টাপাল্টি সংঘর্ষে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে রয়টার্স।
দুই দিন আগে সৌদি আরবে অনুষ্ঠিত নতুন শান্তি আলোচনাও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। যদিও উভয় পক্ষই ‘ভঙ্গুর যুদ্ধবিরতি’ বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
গত কয়েক মাস ধরে পাকিস্তান অভিযোগ করে আসছে আফগানিস্তান সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে কাবুল বলছে—ইসলামাবাদ প্রায়ই তাদের আকাশসীমা লঙ্ঘন করছে এবং অযথা চাপ সৃষ্টি করছে।
অক্টোবরে সীমান্ত সংঘর্ষে উভয় দেশের কয়েকজন সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর সংলাপ শুরু হয়েছিল, আর সেই সংলাপে মধ্যস্থতা করেছিল তুরস্ক ও কাতার। তবে সর্বশেষ পরিস্থিতি সেই প্রচেষ্টাকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে উত্তেজনা নতুন নয়, তবে ব্যর্থ শান্তি আলোচনার পর এই সংঘর্ষ অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।