বিশেষ প্রতিনিধি, nipon।।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, এ নির্বাচন সাধারণ নির্বাচন নয়, বরং গণ-অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। তাই শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দায়িত্ব থেকেই নির্বাচনি চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সদস্যদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ‘নতুন বাংলাদেশের’ জন্ম হবে। আর সেই জন্মের ধাত্রী হিসেবে দায়িত্ব পালন করতে হবে পুলিশকে।
প্রধান উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দৃঢ় কণ্ঠে বলেন, কাপুরুষের মতো বসে থাকার সুযোগ নেই। শহীদদের স্বপ্ন পূরণেই কাজ করতে হবে।
পুলিশ বাহিনীকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার এই নির্দেশনা আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।