বিশেষ প্রতিনিধি, nipon।।
গুমের ঘটনার সঙ্গে জড়িত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। বুধবার ( ০৩ ডিসেম্বর ) সকাল সোয়া ১০টার দিকে তাদেরকে বাংলাদেশ জেলের একটি সবুজ রঙের এসি প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।
সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ট্রাইব্যুনালের সামনে, হাইকোর্টের মূল ফটকে সেনাসদস্যদের পাশাপাশি মোতায়েন ছিল পুলিশ।
এছাড়া ট্রাইব্যুনালের মূল ফটকের কাছে অবস্থান নেয় বিজিবি ও র্যাব সদস্যরা।
আসামিদের মধ্যে গ্রেফতার আছেন ১০ সেনা কর্মকর্তা। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম এবং কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম। তাদের আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল—টিএফআই সেলে গুম করে রাখার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের এই মামলায় মোট আসামি ১৭ জন।
এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন পলাতক রয়েছেন।
আজ এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।