বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকার মিরপুরে জুলাই শহীদ পরিবারের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণসহ মোট ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকার ১৮টি নতুন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিএকনেক।
সোমবার ( ০১ ডিসেম্বর ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
নতুন অনুমোদিত ১৮টি প্রকল্পে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা। বৈদেশিক ঋণ থেকে আসবে ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, চট্টগ্রাম অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, মানসম্পন্ন আলু বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ জোরদারকরণ প্রকল্প, গ্যাসের ৩টি অনুসন্ধান কূপ খনন প্রকল্প, মিরপুরে জুলাই শহীদ পরিবারের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ, সচিবালয়, পরিবহণ পুল, মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ও সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা জোরদারকরণ, সিরাজগঞ্জ–রায়গঞ্জ জেলা মহাসড়ক উন্নীতকরণ প্রকল্প
এছাড়া আরও অনুমোদন পেয়েছে:
নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্স আরবান ডেভেলপমেন্ট, অটিজম ও এনডিডি সেবা প্রদান, জাপান হিউম্যান ডেভেলপমেন্ট স্কলারশিপ, ডিজিটাল উদ্যোক্তা ইকোসিস্টেম উন্নয়ন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবন উন্নয়ন, ক্লাইমেট রেসপনসিভ রিপ্রডাকটিভ হেলথ প্রজেক্ট, বায়োটেক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা, স্বাস্থ্য অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক উন্নয়ন, এবং সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প।
বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরও একনেক ও মন্ত্রিসভার নিয়মিত বৈঠক চলবে। তিনি আরও জানান, সচিবালয়ে নতুন ভবন নির্মাণ এবং স্বাস্থ্য খাতের একটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও সেগুলো ফেরত পাঠানো হয়েছে আরও পর্যালোচনার জন্য।
তিনি বলেন, দুর্নীতির অভিযোগ শোনা গেলেও প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারদের মাধ্যমে দুর্নীতির সুযোগ কমে এসেছে।
নতুন অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি, জ্বালানি, স্বাস্থ্য, গৃহায়ণ ও অবকাঠামো খাতে বড় ধরনের উন্নয়ন হবে বলে আশা করছে সরকার।