বিশেষ প্রতিনিধি, nipon।।
হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হলমার্ক কেলেঙ্কারি মামলায় তিনি দীর্ঘদিন ধরে কারাভোগ করছিলেন।
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তানভীর মাহমুদ। সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে অসুস্থতাবোধ করায় তাকে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল চারটায় তাকে ঢামেকের ৬ষ্ঠ তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হাঁপানির মতো শ্বাসকষ্টে ভুগছিলেন। এসব রোগের জন্য নিয়মিত চিকিৎসাধীন ছিলেন তিনি।
অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছর তানভীর মাহমুদ, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম।
উল্লেখ্য, সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ২০১২ সালে হলমার্ক গ্রুপের কর্মকর্তাসহ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়। সেসব মামলার একটিতে তানভীর মাহমুদ সাজাপ্রাপ্ত ছিলেন।