বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
সৌদি আরব প্রতিনিধি:
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড এক্সপো ২০২৫-এ প্রথমবারের মতো সগৌরবে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই বর্ণিল ও বিশ্বমানের বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে মোট ১২টি কোম্পানি।
মেলার উদ্বোধন করেন জেদ্দা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত ভাইস চেয়ারম্যান এমাদ মোহাম্মদ আল আবৌদ।
বাংলাদেশের স্টলগুলোতে প্রদর্শিত হচ্ছে নীট ওয়্যার,পাট ও ডাইভার্সিফাইড পাটজাত পণ্য, স্পোর্টস ওয়্যার, হস্তশিল্পসহ বহু রপ্তানি সম্ভাবনাময় অনন্য পণ্য।
মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা, বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াৎ হোসেন, কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবাসহ বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, সৌদি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন চীনের লিয়ানিং প্রদেশের গভর্নর ওয়াং জিয়ানও।
উদ্বোধনী ভাষণে জনাব এমাদ মোহাম্মদ আল আবৌদ বলেন, এই মেলা সৌদি আরব, বাংলাদেশসহ বিশ্বব্যাপী ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। বাংলাদেশের অংশগ্রহণকারীরা তাদের পণ্য ও সেবা প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশের আরও সম্ভাবনা তৈরি করবে বলে আমরা আশা করি।
কনসাল জেনারেল তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরব বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য আন্তর্জাতিক বাজারে নেটওয়ার্কিং এবং সহযোগিতার বড় সুযোগ। বাংলাদেশের পণ্যের গুণগত মান ও ব্যবসায়িক দক্ষতা বিশ্ববাজারে নতুন আগ্রহ সৃষ্টি করবে।
মেলায় বাংলাদেশের অংশগ্রহণ জাতীয় অর্থনীতির জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে
এটি দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন রপ্তানি বাজার সৃষ্টিতে সহায়ক হবে।