বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রতিটি মামলায় সাত বছর করে সাজা ঘোষণা করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করা হয়। অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে এই তিনটি মামলার বিচার চলছিল।
শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও মামলাগুলোয় আরও ২০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে রয়েছেন, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিভিন্ন সময়ের বহু সরকারি কর্মকর্তা এবং রাজউকের সাবেক ও বর্তমান কর্মকর্তারা।
মোট আসামির সংখ্যা ছিল ৪৭ জন, তবে একাধিক মামলায় একই ব্যক্তির নাম থাকায় ব্যক্তি হিসেবে আসামি ২৩ জন।
এর আগে ২৩ নভেম্বর একই আদালত তিন মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন। প্রথম মামলায় ১২ জন, দ্বিতীয় মামলায় ১৭ জন এবং তৃতীয় মামলায় ১৮ জন আসামি ছিলেন।