বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) পদে বদলি নিশ্চিত করার জন্য ৫০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপপুলিশ কমিশনার মো. আব্দুল হান্নানকে সরকার ‘তিরস্কার’ দণ্ড দিয়েছে। বর্তমানে তিনি বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নরসিংদীর এসপি ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ বিষয়ে জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ নাসিমুল গনি।
বিভাগীয় তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় জানা যায়, ২০২৩ সালে নরসিংদীর পুলিশ সুপার পদে যোগদানের জন্য হান্নান ‘রবিউল মুন্সী’ নামে এক মধ্যস্থতাকারীর কাছে ৫০ লাখ টাকা পৌঁছে দেন। যদিও ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে তখন তার পদায়ন সম্পন্ন হয়নি।
পরে সেই বছরের ৯ নভেম্বর তিনি নরসিংদীর এসপি হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি এবং ডিবি ইনচার্জ এস এম কামরুজ্জামান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকায় যান এবং মণিপুরীপাড়ায় রবিউল মুন্সীর অফিসে গিয়ে ৫ লাখ টাকা ফেরত নেন। বাকি ৪৫ লাখ টাকা ফেরতের নিশ্চয়তা হিসেবে তাদের সামনেই স্বহস্তে লেখা একটি দলিল গ্রহণ করা হয়।
তদন্ত প্রতিবেদনে আরও উঠে আসে, যুগান্তরের সাংবাদিক নেছারুল হক খোকনের সঙ্গে ফোনালাপে ওইসময়কার এসপি হান্নান বদলির টাকার লেনদেন এবং ব্যক্তিগত কাজে অধস্তন পুলিশ সদস্যদের ব্যবহার করার কথা স্বীকার করেন। পরে সেই অডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।