বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর মোহাম্মদপুরে স্থাপন করা সিসি ক্যামেরা ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। তবে দুঃখজনকভাবে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেটি চুরি হয়ে যায়। এই ঘটনা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির চিত্র তুলে ধরে বলে মন্তব্য করেন তিনি।
সভায় প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকেও নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও জানান, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। সম্প্রতি তার এক সহকর্মী নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এ ধরনের অপরাধ দমনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দ্রুত এ বিষয়ে কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
অপরাধীদের সতর্ক করে তিনি বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।
এছাড়া সভায় গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু মোহাম্মদপুর নয়, সারা দেশের একটি সমস্যা। তবে অনুমোদিত এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ চলছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ সম্প্রসারণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
উন্মুক্ত এই টাউন হল সভায় স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সরাসরি প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।
হাফিজ/ আয়না নিউজ