বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি খেলোয়াড় ও সংগঠক আব্দুস সাদেক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করে তিনি শনিবার (২০ জুন) সকাল ৮টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, মরহুমের প্রথম জানাজা আজ বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আবদুস সাদেক অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের তারকা খেলোয়াড় ছিলেন। তিনি ফুটবল, ক্রিকেটসহ একাধিক খেলায় দক্ষ ছিলেন। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ক্রীড়াচক্রের প্রথম ফুটবল ও হকি অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।
হাফিজ/ আয়না নিউজ