বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৬৬ জন। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে। একই সময়ে ল্যাব টেস্ট বা পরীক্ষার মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ১১১ জন এবং সর্বমোট ১০,৬৩৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কেউ মারা যায়নি। তবে ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ৯৩ জন।
গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।
শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি। মৃতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে, টিকা না নেওয়া শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে। হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে সারাদেশে সতর্কতা জারি করেছে।
আল রাজীব/ আয়না নিউজ