বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন (নিক্সন চৌধুরী)-এর ঘনিষ্ঠ সহযোগী ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকার আফতাবনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আরাফাত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ আরাফাতের বিরুদ্ধে ভাঙ্গা থানা ভাঙচুর, বিস্ফোরক আইনসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আরাফাতের নেতৃত্বে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনার প্রতিবাদে গত শুক্রবার উপজেলা বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শেখ আরাফাতকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছিল। অবশেষে ডিবি পুলিশের অভিযানে তিনি আটক হয়েছেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং অতীতেও তিনি গ্রেফতার হয়ে দীর্ঘ সময় কারাভোগ করেছেন।
ওসি আরও বলেন, ঢাকায় গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিক কাগজপত্র এখনো থানায় পৌঁছেনি। তবে ডিবি পুলিশের মাধ্যমে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
গ্রেফতার শেখ আরাফাতকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
হাফিজ/ আয়না নিউজ