বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের জন্য নির্মিত অতিথি ও উপকারভোগীদের বসার প্যান্ডেল প্রধানমন্ত্রীর আগমনের কিছুক্ষণ আগেই বাতাসে ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। মূল মঞ্চও অক্ষত রয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় হঠাৎ দমকা বাতাসে প্যান্ডেলটি হেলে পড়ে ভেঙে গেলে ভেতরে থাকা উপকারভোগী ও অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা নিরাপদ স্থানে সরে যেতে ছোটাছুটি করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর প্যান্ডেলটি দ্রুত খুলে ফেলা হয়। পরে পুনরায় চেয়ার বিন্যাস করে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হয়।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ১৭ মিনিটে সিলেট পৌঁছে সড়কপথে মৌলভীবাজার জেলার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ