বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার একই আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মামলাটিতে মোট ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় নিজ বাসার পাশে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু আয়াত। পরে তদন্তে বেরিয়ে আসে, প্রতিবেশী আবীর আলী মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করে। তবে রাখার কোনো নিরাপদ জায়গা না পেয়ে তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে মরদেহ ছয় টুকরো করে সাগরে ফেলে দেন।
পরবর্তীতে ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইচ গেটের একটি গর্ত থেকে আয়াতের দুই পা উদ্ধার করা হয়। পরদিন খণ্ডিত মাথা উদ্ধার করে পিবিআই। তদন্তে এসব আলামতের ভিত্তিতেই মামলার অগ্রগতি হয়।
রায়ের পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
হাফিজ/ আয়না নিউজ