বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ইরানের সর্বশেষ শাহের ছেলে ও দেশটির নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি সতর্ক করে বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বর্তমান শাসকদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা চুক্তি দীর্ঘমেয়াদে সফল হবে না। বরং এর নেতিবাচক প্রভাব শুধু ইরান নয়, গোটা বিশ্বকেই ভোগ করতে হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে রেজা পাহলভি বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে টিকিয়ে রেখে করা যেকোনো চুক্তি নৈতিকভাবে ভুল এবং কৌশলগতভাবে বিভ্রান্তিকর। তার দাবি, এই সরকার অতীতে রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করার নির্ভরযোগ্য রেকর্ডও তাদের নেই।
তিনি আরও বলেন, এই শাসকদের সঙ্গে আপসের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে এবং এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দেশটিতে গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে সমর্থন দেওয়ার দাবি করেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তির খসড়া নিয়ে আলোচনা এগিয়ে যাওয়ার খবর প্রকাশের পর পাহলভির এ মন্তব্য সামনে আসে। তিনি মনে করেন, বর্তমান শাসনব্যবস্থাকে বৈধতা দেওয়া হলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন ঝুঁকি তৈরি হতে পারে।
তবে ইরানের সরকার এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তেহরানের দাবি, কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব এবং চলমান সংলাপ সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ