বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
রাজশাহীর ঐতিহ্যবাহী কালাইরুটি খেয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। খাবারটির স্বাদ নেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, দারুণ মজা।
মঙ্গলবার (১৬জুন) বিকেলে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকা পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।
রেস্তোরাঁয় পৌঁছানোর পর রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা। তিনি হাসিমুখে রুটি তৈরির প্রতিটি ধাপ গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন। রুটির খামির প্রস্তুত, হাতে চাপ দিয়ে আকার দেওয়া এবং গরম তাওয়ায় ধীরে ধীরে সেঁকে তোলার পুরো প্রক্রিয়া তিনি দাঁড়িয়ে থেকে দেখেন।
এরপর কালাই রুটির সঙ্গে পরিবেশন করা হয় দেশীয় স্বাদের হাঁসের মাংস, বেগুন ভর্তা, কাঁচা মরিচের ঝাল এবং পেঁয়াজ। রাষ্ট্রদূত অত্যন্ত আনন্দের সঙ্গে প্রতিটি খাবারের স্বাদ নেন এবং বারবার প্রশংসা করেন স্থানীয় রান্নার।
খাবার শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, বাহ! খুব চমৎকার। খুব মজা, খুবই সুস্বাদু। কালাই রুটি, হাঁসের মাংস আর বেগুন ভর্তার এই সমন্বয় সত্যিই অসাধারণ। স্থানীয় খাবারের এমন স্বাদ আমাকে মুগ্ধ করেছে।
খাওয়ার সময় তাকে বেশ হাসিখুশি ও প্রাণবন্ত দেখা যায়। স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গল্প করতে করতেই তিনি খাবার উপভোগ করেন। তার আন্তরিক আচরণে রেস্তোরাঁর কর্মচারী ও উপস্থিত অতিথিদের মধ্যেও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে, রাষ্ট্রদূতের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে কালাই হাউজে। অনেকেই এক নজর দেখতে ভিড় করেন সেখানে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রদূতের সফরসঙ্গীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি কূটনীতিকদের কাছেও জনপ্রিয়তা পাচ্ছে- মার্কিন রাষ্ট্রদূতের এই সফর তারই আরেকটি উদাহরণ বলে মনে করছেন স্থানীয়রা।
সূর্যয় / আয়না নিউজ