বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। এই উন্মাদনার ঢেউ লেগেছে বাংলাদেশেও। দেশের মানুষের কৌতুহল, ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান? সেই কৌতুহলের জবাব হাসিমুখেই দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে অনানুষ্ঠানিক আলাপচারিতার একপর্যায়ে বিশ্বকাপ প্রসঙ্গ উঠলে সাংবাদিকরা জানতে চান, তিনি কোন দলের সমর্থক।
প্রশ্নের জবাবে মুখে মৃদু হাসি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দিন একটা দেশে ছিলাম তো।’ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হলেও বিশ্বকাপ-সংক্রান্ত এই অনানুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্ব উপস্থিত সবার মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
তিনি সরাসরি ইংল্যান্ড বা যুক্তরাজ্যের নাম উচ্চারণ না করলেও তার দীর্ঘদিন ইংল্যান্ডে থাকা জীবনের প্রেক্ষাপটে সাংবাদিক ও উপস্থিত ব্যক্তিরা এটিকে ইংল্যান্ড ফুটবল দলের প্রতি তার সমর্থন হিসেবেই ধরে নিয়েছেন।
রাজনৈতিক ও আইনি বাধ্যবাধকতার কারণে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন তারেক রহমান। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান।
লন্ডনে দীর্ঘস্থায়ী বসবাসের কারণেই ফুটবলের এই বৈশ্বিক মহোৎসবে তিনি ইংলিশদের পক্ষেই নিজের অবস্থান স্পষ্ট করলেন বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠান শেষে অনানুষ্ঠানিক এই ক্রীড়া বিষয়ক প্রশ্নোত্তর পর্বটি উপস্থিত সাংবাদিকদের মধ্যে বেশ চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি করে।
আল রাজীব/ আয়না নিউজ