বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
পুষ্টিগুণ ও শরীরিক উপকারিতার বিষয়ে বিবেচনা করলে খাঁটি ও প্রাকৃতিক মধুর কোনো বিকল্প নেই। মধু প্রকৃতির অসাধারণ উপহার, যা স্বাস্থ্য, সৌন্দর্য এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ। এটি প্রাকৃতিক, নিরাপদ ও কার্যকর, তবে সঠিক পরিমাণে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে এক কেজিরও বেশি ঘন মধু খাওয়া কম কথা নয়। কারণ পানি বা কোমল পানীয়ের মতো তরল পদার্থের তুলনায় মধুর ঘনত্ব অনেক বেশি। এর আঠালো টেক্সচারের কারণে এটি দ্রুত গেলা অত্যন্ত কঠিন, যা অনেক বেশি চ্যালেঞ্জিং।
সম্প্রতি মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে এক কেজিরও বেশি ঘন মধু খেয়ে অনন্য রেকর্ডটি গড়েছেন জার্মানির আন্দ্রে অরটলফ। অদ্ভুত এবং ব্যতিক্রমী সব চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য তিনি বেশ সুপরিচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই রেকর্ড গড়ার একটি ভিডিওতে দেখা যায়, তিনি একটি বড় চামচ ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সঙ্গে পাত্র থেকে মধু খাচ্ছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে অরটলফ ৬০ সেকেন্ডে ১,২৭৩ গ্রাম (প্রায় সোয়া এক কেজি) মধু খেয়েছেন।
সাধারণ মানুষের জন্য এত দ্রুত মধু খাওয়া শ্বাসরোধের ঝুঁকি তৈরি করতে পারে। তবে অরটলফ তার অভিজ্ঞতা, দৃঢ় সংকল্প এবং অনুশীলনের মাধ্যমে এই চ্যালেঞ্জটি সফলভাবে সম্পন্ন করেছেন। বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
সূত্র: সামা টিভি
সূর্যয় / আয়না নিউজ