বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদির সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় ঢাকাস্থ ইরান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইরানের রাষ্ট্রদূতসহ তিন সদস্যের প্রতিনিধি দল এবং গণঅধিকার পরিষদের ছয় সদস্যের প্রতিনিধি অংশ নেন।
গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে ছিলেন দলের সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সহসভাপতি আরিফুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান এবং পেশাজীবী অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ।
বৈঠকের শুরুতে সম্প্রতি সংঘাতে নিহত ইরানের নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় গণঅধিকার পরিষদ। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং দ্বিপাক্ষিক সমঝোতা উদ্যোগকে স্বাগত জানিয়ে দলটির নেতারা আশা প্রকাশ করেন, শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বে আরও নিরাপদ ও সমৃদ্ধ পরিবেশ প্রতিষ্ঠিত হবে।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও গবেষণা, সংস্কৃতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও উভয় পক্ষ মতবিনিময় করেন।
এ সময় দুই দেশের জনগণের কল্যাণে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
তানভীর/ হাফিজ/ আয়না নিউজ