বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
বিরোধী দল বিরোধিতার জন্য বিরোধিতা করছে না; বরং দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন,সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জনকল্যাণ ও জনস্বার্থকে সামনে রেখেই বর্তমান বিরোধীদল সংসদে ভূমিকা পালন করছে। বর্তমান জাতীয় সংসদে দীর্ঘদিন পর একটি শক্তিশালী বিরোধীদলের উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০০৮ সালের পর দেশে কার্যকর ও শক্তিশালী বিরোধীদলের অভাব ছিল। অনেক সময় সরকারই সরকার ও বিরোধীদল—উভয় ভূমিকায় ছিল। কিন্তু বর্তমান সংসদে বিরোধীদল জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালীভাবে জনগণের পক্ষে কথা বলবে।
তিনি বলেন, অতীতে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বাদানুবাদ, কাগজপত্র ছোড়াছুড়ি এমনকি অধিবেশন বর্জনের ঘটনাও ঘটেছে। কিন্তু বর্তমান বিরোধীদল সংসদের কার্যক্রমকে ফলপ্রসূ করতে চায়। একটি সংসদ অধিবেশন পরিচালনায় বিপুল অর্থ ব্যয় হয় উল্লেখ করে তিনি বলেন, সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিরোধীদল জনকল্যাণমূলক বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংসদে বক্তব্য দিচ্ছে।
জামায়াত আমির আরও বলেন, আমরা নরম কিংবা গরম বিরোধীদল হতে চাই না, আমরা হতে চাই যৌক্তিক বিরোধীদল। জনস্বার্থে সংসদে আছি এবং জনস্বার্থে শেষ পর্যন্ত সংসদে সরব থাকব।
হাফিজ/ আয়না নিউজ