বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, অবহেলায় ছয় শিশুর মৃত্যু, দায়ীদের রেহাই নেই।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হাম চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, হাসপাতালে এসি দুই ঘণ্টা বন্ধ থাকায় বদ্ধ কক্ষে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। এ অবস্থায় দ্রুতই শিশুদের অন্যত্র সরিয়ে নেয়া উচিত ছিলো। তিনি বলেন, একজন শিশুকে সরানোর পর যখন দেখা গেলো সে ভালো আছে, তখনই বাকি শিশুদেরও দ্রুত স্থানান্তর করা দরকার ছিলো।
তিনি আরও বলেন, ছয়টি শিশু একের পর এক মারা গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ কক্ষটি পরিদর্শন পর্যন্ত করেনি, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি।
এ ঘটনায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেকোনো মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতে কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদ্-দ্বীন হাসপাতাল আপিল করলে সরকারের অবস্থানই বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
এছাড়া, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানটির উন্নয়নে সরকার কাজ করবে এবং শিক্ষার্থী সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে চিকিৎসকদের রোগীদের প্রতি আরও মানবিক ও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।
হাফিজ/ আয়না নিউজ