বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চললেও এর বিস্তারিত শর্ত সম্পর্কে ইসরায়েল এখনও অবগত নয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
নেতানিয়াহু বলেন, চুক্তি হোক বা না হোক, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তার ভাষায়, আজও না, আগামীকালও না। তিনি দাবি করেন, ইসরায়েল বর্তমানে তাৎক্ষণিক ধ্বংসের ঝুঁকি থেকে মুক্ত এবং দেশটি বড় ধরনের নিরাপত্তা হুমকির মুখোমুখি ছিলো।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে ইসরায়েল ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান পরিচালনা করেছে, যার মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং সামরিক সক্ষমতায় বড় ধরনের ক্ষতি করা হয়েছে। পাশাপাশি, এই অভিযানে ইরানের অর্থনীতিতে শত শত বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যা কিছু হিসাব অনুযায়ী এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে বলেও দাবি করেন নেতানিয়াহু।
নেতানিয়াহু স্বীকার করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সব বিষয়ে ইসরায়েলের মতৈক্য নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।
তিনি জানান, লেবানন সীমান্তে নিরাপত্তা বাফার জোনে ইসরায়েল প্রয়োজন অনুযায়ী অবস্থান বজায় রাখবে এবং বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযানও অব্যাহত থাকবে। গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে পরিচালিত অভিযানের কথাও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রায় ৩৫০ বিলিয়ন শেকেল অতিরিক্ত বাজেট বরাদ্দের পরিকল্পনার কথাও জানান নেতানিয়াহু। একই সঙ্গে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে বিরোধী নেতা গাদি আইজেনকোট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, দীর্ঘদিনের সংঘাতের পরও যুদ্ধের নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়নি এবং বাস্তব পরিস্থিতি আড়াল করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ইরান ভবিষ্যতেও ইসরায়েলের জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে থাকবে এবং দেশটির কর্মকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি অব্যাহত রাখতে হবে।
হাফিজ/ আয়না নিউজ