বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় কবরস্থানের পাশের একটি চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। পুলিশ একজনকে আটক করেছে।
সোমবার (১৫ জুন) উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর ও আরিছপুর গ্রামের লোকজনের মধ্যে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম দফার সংঘর্ষ হয় দুপুর সাড়ে ১২টার দিকে এবং দ্বিতীয় দফার সংঘর্ষ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় ডুবাই বাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই গ্রামের মধ্যবর্তী একটি কবরস্থানের পাশের রাস্তা ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার উভয় পক্ষের প্রায় ২০০ থেকে ২৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সন্ধ্যায় থানায় উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের কথা থাকলেও এর আগেই ডুবাই বাজার এলাকায় আবারও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আদিত্যপুর গ্রামের সেলু মিয়া (৫৩) ও হেলাল মিয়া (৩৭) গুরুতর আহত হন। সেলু মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আহত হেলাল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, দুপুরের সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
হাফিজ/ আয়না নিউজ