বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর দুই ছেলের নামে দুটি নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে। একই সঙ্গে তার পৈতৃক বাড়ির নাম অনুসারে ‘মীরবাড়ি’ নামে আরও একটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (১৪ জুন) বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
গেজেট অনুযায়ী, প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে তিনটি নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। এর মধ্যে ‘সীমান্ত’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে প্রতিমন্ত্রীর বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্তের নামে এবং ‘দিগন্ত’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামে।
সরকারি গেজেটে বলা হয়েছে, সৈয়দপুর ইউনিয়নের ১১টি মৌজা নিয়ে সীমান্ত ইউনিয়ন গঠন করা হয়েছে, যেখানে জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। অন্যদিকে দেউলী ইউনিয়নের ৮টি মৌজা নিয়ে গঠিত দিগন্ত ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন। এছাড়া ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে ১৭টি মৌজা নিয়ে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করা হয়েছে, যার জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন।
নতুন ইউনিয়ন গঠনের পাশাপাশি ময়দানহাট্টা, দেউলী, সৈয়দপুর, মোকামতলা ও শিবগঞ্জ ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে মোকামতলা পৌরসভা গঠনের কার্যক্রমও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এদিকে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ‘মীরবাড়ি’ হলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বেতগাড়ি গ্রামে অবস্থিত পৈতৃক বাড়ির নাম। সেই নাম অনুসারেই নতুন ইউনিয়নটির নামকরণ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তেয়াইল, গোরনা, ধামাহার, বাদলদিঘী, বেতগাড়িসহ মোট ১৫টি মৌজা নিয়ে মীরবাড়ি ইউনিয়ন গঠন করা হয়েছে। নতুন ইউনিয়নটির জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।
এ ছাড়া শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ এবং নতুন ইউনিয়ন গঠনের কারণে বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়নও পুনর্গঠন করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সরকারি গেজেট অনুযায়ী নতুন ইউনিয়ন গঠন ও পুনর্গঠনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
হাফিজ/ আয়না নিউজ