বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দেশের বিদ্যমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়ন কীভাবে সম্ভব হবে, তা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের সম্পূরক মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ।
বক্তব্যে রুমিন ফারহানা দেশের অর্থনীতির বিভিন্ন সূচকের উদ্বেগজনক চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশের জিডিপির আকার ৬৮ লাখ কোটি টাকা হলেও প্রবৃদ্ধি নেমে এসেছে ৩ দশমিক ৪৯ শতাংশে। একই সঙ্গে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫ শতাংশে অবস্থান করছে। তিনি দাবি করেন, খেলাপি ঋণ মোট বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে, যার পরিমাণ প্রায় ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধনের পর্যাপ্ততা ঋণাত্মক অবস্থায় রয়েছে এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাওয়া রপ্তানি হ্রাস ও আমদানি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, শ্বেতপত্র অনুযায়ী গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এছাড়া ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
তিনি অভিযোগ করেন, গত এক যুগের বেশি সময় ধরে রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্তে সুদের হার ও ডলারের বিনিময় হার নির্ধারণের ফলে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য রুমিন বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ঘাটতি বাজেটের সংস্কৃতি চালু রয়েছে এবং এই ঘাটতি পূরণে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিতে হয়। কিন্তু ব্যাংক খাতে খেলাপি ঋণের উচ্চ হার এবং আর্থিক খাতের দুর্বলতার কারণে ভবিষ্যতে বেসরকারি বিনিয়োগে অর্থায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ঋণ কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা করতে বলেছে। ফলে ভবিষ্যতে ঋণের জন্য বিকল্প উৎসের দিকে তাকাতে হতে পারে, যেখানে সুদের হার তুলনামূলক বেশি এবং পরিশোধের চাপও দ্রুত আসে।
এ অবস্থায় দেশের অর্থনৈতিক বাস্তবতায় সরকার কীভাবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়ন করবে, সে বিষয়ে অর্থমন্ত্রীর কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন রুমিন ফারহানা।
হাফিজ/ আয়না নিউজ