বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। আদালতে আসামিপক্ষের আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু।
আইনজীবী জানান, মমতাজ বেগমকে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় জামিন দেওয়া হয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়ায় মনিরুজ্জামান হত্যা মামলা, মিরপুরে সাগর হত্যা মামলা এবং আশুলিয়ায় আরও একটি হত্যাচেষ্টা মামলা।
এর আগে গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, কণ্ঠশিল্পী মমতাজ বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে পরাজিত হন।
হাফিজ/ আয়না নিউজ