বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ভারতের দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এর আগে একটি সম্মেলনে অংশ নিতে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার কারণে তিনি দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন এবং পরে সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন বলে জানা গেছে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, পুরো ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। কী কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি সূত্র জানিয়েছে, দিল্লি বিমানবন্দরের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ