বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধার মুখে পড়ার ঘটনায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় বিকেলের মধ্যেই বিস্তারিত তথ্য ও পরবর্তী করণীয় জানানো হবে।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ বিষয়ে সরকারের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কী কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ উপদেষ্টাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রেখেছিল এবং শেষ পর্যন্ত কেন তিনি প্রবেশ করতে পারেননি—সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আজই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের অবস্থান স্পষ্ট করা হবে বলে তিনি উল্লেখ করেন।
জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর একটি অনুষ্ঠানে অংশ নিতে রোববার ঢাকা ছাড়েন উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন জটিলতার কারণে তিনি ভারতে প্রবেশ করতে ব্যর্থ হন এবং পরে ঢাকায় ফিরে আসেন।
ঘটনাটি ঘিরে কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
হাফিজ/ আয়না নিউজ