বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং দীর্ঘমেয়াদে সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে তুলতেই এবারের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান আর্থিক পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আর্থিক সংকটের কারণে সাধারণ মানুষের জীবনে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে এবং তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য একটি কার্যকর সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে।
এদিকে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬’-এর খসড়া সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটি চূড়ান্ত করেছে। কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি ছয় মাস অন্তর তৃতীয় পক্ষের মাধ্যমে এর কার্যক্রম মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে কোনো রাজনৈতিক ব্যক্তি সম্পৃক্ত থাকবেন না। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারাই পুরো কার্যক্রম পরিচালনা ও তদারকি করবেন।
সরকারের আশা, নতুন নীতিমালার আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি আরও কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
হাফিজ/ আয়না নিউজ