বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাক ও একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন আবু নাঈম খান (৫৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক ছিলেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৫ জুন) ভোরে মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকার ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাকে থাকা জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২) ও লাভলু (৩০) গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।
আহত জুয়েল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বয়াগ্রাম এলাকার ইউনুসের ছেলে এবং পণ্যবাহী ট্রাকটির চালক। সজীব একই উপজেলার এলোবাদী গ্রামের ডাবলুর ছেলে ও ট্রাকটির সহকারী। এ ছাড়া, আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার চাপারা গ্রামের খলিলের ছেলে এবং লাভলু ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেল এলাকার ইনসানের ছেলে। তারা ট্রাকটির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আবু নাঈম খান নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান মাহমুদ।
আল রাজীব/ আয়না নিউজ