বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে প্রায় ৮ হাজার অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে প্রায় ৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত যৌথ তল্লাশি ও অভিযান পরিচালনার পর সাত হাজার ৯৮৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার ৭০০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে পাঁচ হাজার ৮৯৯ জন আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, তিন হাজার ৮৪ জন সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গের অভিযোগে এবং এক হাজার ৭৪২ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিযানের সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ৩৪ জনকে আটক করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ১৪ হাজার ২৬৮ জনকে ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের কাছে পাঠানো হয়েছে। এছাড়া আরও এক হাজার ২৪০ জন বহিষ্কারের আগে ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।
মন্ত্রণালয় এ সংক্রান্ত কোনো অনিয়ম দেখলে সাধারণ মানুষকে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ ও ৯৯৬ নম্বরে কল করতে বলা হয়েছে।
সূর্যয় / আয়না নিউজ