বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের ঘটনা নিয়ে ‘নাটক সাজানো’, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
রোববার (১৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গুম ও অপহরণের মতো সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা প্রকৃত ভুক্তভোগীদের প্রতি অসম্মানজনক। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করেন তারা। এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “গুম, অপহরণ কিংবা নারী নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এসব ঘটনার নাটক সাজিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, অপপ্রচার ও গোপন রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদল সব সময় সোচ্চার থাকবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা রোধ এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি নারী নির্যাতন, সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। আমরা এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করি।”
বিক্ষোভ মিছিলে জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসাইন, মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম, রবিউল আউয়াল, ইয়াকুব শেখ অনিক, শাহাদাত খান, শাখাওয়াতুল ইসলাম খান পরাগ, তুষার, ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ছাত্রদলের এসব অভিযোগ তাদের নিজস্ব বক্তব্য। এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তানভীর খান/ আল রাজীব/ আয়না নিউজ