বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে।
রোববার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, শনিবার (১৩ জুন) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৭৫। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৩২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৬ হাজার ৮৪১ জন।
প্রতিবেদন আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। তবে হামের উপসর্গে চার শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।
সূর্যয় / আয়না নিউজ