বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর নলকূপ বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের চরঘুনী এলাকার শানু হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন, উপজেলার আলিপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত রোসান আলীর ছেলে মো. বেল্লাল হোসেন (৪০) এবং একই ইউনিয়নের কলাতলা গ্রামের মৃত শাহজাহান হোসেনের জামাতা মো. ইউসুফ মিয়া (২৮)।
আহত ব্যক্তিরা হলেন, পূর্ব আলিপুরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাকিব হোসেন, খলিশাখালী গ্রামের রিপন মৃধার ছেলে মো. আব্দুর রহমান এবং রণগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামের মো. মোস্তফা সরদারের দুই ছেলে মো. মারুফ ও রনি সরদার।
স্থানীয় সূত্রে জানা যায়, রণগোপালদী ইউনিয়নের চরঘুনী এলাকায় শানু হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন ওই শ্রমিকেরা। বিকেলে নলকূপের পাইপের সাথে বিদ্যুতের লাইনের সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে দুর্ঘটনা ঘটে। এতে কর্মরত ছয় শ্রমিকের মধ্যে চারজন ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই বেল্লাল ও ইউসুফের মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক রাবেয়া সুলতানা বেল্লাল ও ইউসুফকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিবার ময়নাতদন্ত করাতে অনাগ্রহ প্রকাশ করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সূর্যয় / আয়না নিউজ