বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্মেলনের প্রতিপাদ্য ঝুঁকি মোকাবেলা, স্থিতিস্থাপকতাকে কাজে লাগানো এবং নতুন উদ্যম ও সঠিক দিকনির্দেশনা নিয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের মানসিকতাকেই প্রতিফলিত করে। নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, তিনি প্যানেল আলোচক হিসেবে নয়, বরং সরকারের প্রতিশ্রুতি ও অঙ্গীকার তুলে ধরতেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময় পার হলেও দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান তিনি।
সম্মেলনে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা। তিনি দাবি করেন, দেশে একটি সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার ভিত্তি তৈরি করেছে।
তিনি আরও বলেন, বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার জনগণের ব্যাপক সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে এবং জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্বও তাদের ওপর বর্তেছে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সম্মেলনে দেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং অর্থনৈতিক কূটনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
হাফিজ/ আয়না নিউজ