বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
বাগেরহাট প্রতিনিধি: খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে আগামী রোববার (১৪ জুন) থেকে এ ধর্মঘট শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহীদুল ইসলাম এ তথ্য জানান। ধর্মঘটের আওতায় থাকবে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলা।
পরিবহন নেতাদের দাবি, স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক হলেও দীর্ঘদিনের সমস্যাগুলোর কোনো কার্যকর সমাধান হয়নি। ফলে সাতটি বাস মালিক সমিতি ও সাতটি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।
ফকির শহীদুল ইসলাম বলেন, খুলনা ও বরিশাল বিভাগের সড়কগুলোতে সরকারি অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত বাস চলাচল করছে। এছাড়া মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার অবাধে চলাচল করায় পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, ধর্মঘট শুরু হলে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে।
পরিবহন মালিক ও শ্রমিকদের ৩ দফা দাবি
১. সরকারি নীতিমালা লঙ্ঘন করে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত গাড়ি চলাচল বন্ধ করা এবং জেলা টার্মিনাল ছাড়া পথে পথে গড়ে ওঠা অবৈধ কাউন্টার অপসারণ।
২. আঞ্চলিক মহাসড়কে মাহেন্দ্র, নছিমন, করিমন ও অটোরিকশাসহ সব ধরনের অবৈধ থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ বন্ধ করা।
৩. দূরপাল্লার পরিবহনে নীতিমালার বাইরে লোকাল বা মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ করা।
পরিবহন মালিকদের তিন দফা দাবির বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। অনির্দিষ্টকালের ধর্মঘট এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট যাতে না হয় তার উদ্যোগ নিচ্ছি। আশা করছি, আগেই সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।
সোহাগ/ আল রাজীব/ আয়না নিউজ