বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
রাজধানীর হাতিরঝিল থানাধীন একরামুননেছা স্কুলের গেটে রয়েল ডেইরি ফার্ম মিষ্টির দোকানের সামনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ ওরফে ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ জুন) দুপুরে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পলাশকে গুলি করে পালিয়ে যায়।
শুক্রবার দুপুর ২ টার দিকে রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে এ গুলির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান। গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। পলাশ একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলেও জানান তিনি।
আহত পলাশ পশ্চিম রামপুরা এলাকার ইউনুস খানের ছেলে। দুপুরে পলাশ রয়েল মিষ্টির দোকানের সামনের রাস্তায় অবস্থান করছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে আকস্মিকভাবে তাকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে ধরে। কিছু বুঝে ওঠার আগেই ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কাইল্যা মাসুদ’ পলাশকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা ছোটাছুটি শুরু করেন। পরে খবর পেয়ে ভাই আলামিনসহ স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পলাশকে উদ্ধার করে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
কে বা কারা তাকে গুলি করেছে এবং ঘটনার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত বছরের ১০ নভেম্বর রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে (৫৫)। এছাড়া চলতি বছরের ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটন।
আল রাজীব/ আয়না নিউজ