বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিক্ষা মন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান উপস্থিত আছেন।
সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, রাজস্ব আহরণের পরিকল্পনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধার কৌশল নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি বাজেট নিয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেবেন মন্ত্রীরা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে একই দিন মন্ত্রিসভার বৈঠকে বাজেটটি অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত বাজেটকে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে সরকার। বাজেট-পরবর্তী এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেটের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ