বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদর হাসপাতালের পাশে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মী শ্রমিকদের অভিযোগ, নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইন অতিক্রম করলেও দীর্ঘদিন ধরে ঝুঁকি নিরসনে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগেও একই স্থানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক আহত হয়েছিলেন। সে সময় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের।
নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা জানান, ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই কাজ চালিয়ে যেতে হচ্ছিল। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে বান্দরবান গণপূর্ত উপবিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. নাদের হোসেন বলেন, পূর্বের দুর্ঘটনার বিষয়ে তাদের অবহিত করা হয়েছিল এবং বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে মৌখিকভাবে জানানো হয়েছিল। তবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেফটি নির্দেশনা মেনে কাজ করতে বলা হয়েছিল।
এ ঘটনায় একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটায় গণপূর্ত বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
মিনহাজ/ হাফিজ/ আয়না নিউজ